সচিবালয়ে আসার সময় আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই হঠাৎ তদারকিতে বিস্ময় প্রকাশ করেছেন।
রোববার (২৯ মার্চ) সকালে সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্যান্য দিনের মতো সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। তবে এদিনের কার্যক্রমে ছিল বিশেষ ভিন্নতা। গাড়ি থেকে নেমে সরাসরি দপ্তরে না গিয়ে, তিনি প্রথমেই সচিবালয়ের ৬ নম্বর ভবনে যান। সেখানে পৌঁছে হেঁটে ভবনটিতে অবস্থানরত একাধিক মন্ত্রণালয় পরিদর্শন করেন।
পরিদর্শন করা মন্ত্রণালয়ের মধ্যে ছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পাশের গণপূর্ত মন্ত্রণালয়। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে গিয়ে দিনের নিয়মিত কাজ শুরু করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।