বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। শনিবার (২৮ মার্চ) তার এই সফর শুরু হয়।
রোববার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন, যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করা হবে।
এছাড়া, তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে।
এই সফরকে দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।