আগামী সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা দেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান।
তিনি বলেন, যারা জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের সম্মান জানাতে ক্রীড়া কার্ডও দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, পদকপ্রাপ্ত খেলোয়াড়দেরও বেতন কাঠামোর আওতায় এনে ভাতা দেওয়া হবে। এছাড়া মন্ত্রণালয় ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা করছে। ঢাকার বিভিন্ন এলাকায় দখলকৃত মাঠ উদ্ধারের বিষয়েও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কার্যক্রম হাতে নিয়েছে।