বর্তমান ইউনিফর্ম নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে সন্তুষ্টি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাহিনীর জন্য ঐতিহ্যবাহী কোনো উপযোগী পোশাক ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে।
শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ইতোমধ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার সুফল শিগগিরই দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার অংশ নেন, যার মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী। প্রশিক্ষণ শেষে তারা আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে যোগ দিলেন।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে পুরস্কার অর্জন করেন কয়েকজন প্রশিক্ষণার্থী। বেস্ট প্রবেশনার ও বেস্ট অ্যাকাডেমিক ক্যাটাগরিতে সেরা হন মো. ফাহিম ফয়সাল। এছাড়া বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজে মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপে শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হিসেবে বাপী কুমার দাশ স্বীকৃতি পান।