দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত ঠেকাতে বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে এবং সরবরাহেও চাপ তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুতের চেষ্টা করছে, যা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেটসহ ৯ জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের তত্ত্বাবধানে নিরাপত্তা জোরদার, নিয়মিত তদারকি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখা হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জ্বালানি তেল পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।