প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী অংশ নেন।
ডা. জোবাইদা রহমান শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিশুদের ভবিষ্যৎ নিরাপদ করার লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন এবং শিশু কল্যাণে একমত হন।
সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি ডা. জোবাইদা রহমান প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠান শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করেছিল।
ডা. জোবাইদা রহমান বাংলাদেশ সরকারের শিশু কল্যাণে নেওয়া পদক্ষেপ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এছাড়া তিনি সম্মেলনের বিভিন্ন ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।