রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২৩টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সংস্থাটি জানায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি প্রায় ৬০ ফুট গভীরে তলিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহত এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, ১০ জন ডুবুরি, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ধীরে ধীরে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে উদ্ধারকারী জাহাজের সহায়তায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে তোলা হয়।