বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রথমবার পতাকাসহ রাষ্ট্রীয় গাড়িতে তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭ Time View

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় গাড়ি ও জাতীয় পতাকা ব্যবহার করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকালে তিনি গুলশানের বাসভবন থেকে সরকারি পতাকাবাহী গাড়িতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন ভোরে নির্ধারিত প্রটোকল অনুযায়ী রাষ্ট্রীয় গাড়িতে করেই স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ৫টা ৫৩ মিনিটে সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

পরে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা নগরে গিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে সম্মান জানান। এরপর তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরে যান।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এতদিন ব্যক্তিগত সাদা গাড়ি ব্যবহার করছিলেন তারেক রহমান, যেখানে কোনো পতাকা ব্যবহার করা হয়নি। তবে ‘বাংলাদেশ ফ্ল্যাগ রুলস, ১৯৭২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর সরকারি গাড়িতে জাতীয় পতাকা ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে।

এদিকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবারের রাষ্ট্রীয় আয়োজনে প্রটোকলে আনা হয়েছে পরিবর্তন। ভিভিআইপি ও ভিআইপিদের বহনে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বাস ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর ফলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com