মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর রাজধানীতে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজন শুরু হয়।
২০০৮ সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে কুচকাওয়াজ অন্তর্ভুক্ত হলো। এতদিন বিজয় দিবসে নিয়মিত প্যারেড অনুষ্ঠিত হলেও ২৬ মার্চে এমন আয়োজন ছিল না।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই কুচকাওয়াজের সার্বিক ব্যবস্থাপনা করে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। রমজানের শুরু থেকেই এর প্রস্তুতি চলেছে এবং সম্প্রতি চূড়ান্ত মহড়াও সম্পন্ন করা হয়।
এদিকে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করতে সকাল থেকেই জাতীয় প্যারেড স্কয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী। অনেকের হাতে ও মাথায় ছিল লাল-সবুজের পতাকা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও উৎসবমুখর।