খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনাজপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উদ্দেশ্যে তিনি সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হন।
জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনর্খনন কাজের উদ্বোধনের মাধ্যমে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার বিভিন্ন খাল পুনর্খনন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।
সফরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের অন্যান্য নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।