স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন। সামিটটি যৌথভাবে আয়োজন করছে ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগ্স অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন।
রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনব্যাপী এই সামিট ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হবে Vienna International Conference Centre-এ।
সভার নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। সামিটে তিনি উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি ‘Global Fraud Response Mechanism’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং ‘National Commitments/Pledges on Combating Fraud’ শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।
এছাড়া, সামিটের সাইডলাইন বৈঠকে তিনি ইউএনওডিসির নির্বাহী পরিচালক John Brandolino এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী Lord Hanson-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেল ৪টা ৫০ মিনিটে Ethiopian Airlines-এর ET 679 ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ঢাকায় ফিরবেন।