পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অবস্থার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বিদ্যুৎচমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে, যেখানে তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, যা পরিমাপ করা হয়েছে ৭২ মিলিমিটার।