ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ২৯ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, আগামীকাল ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে।
বৈঠকে সংসদের প্রথম অধিবেশনে আলোচনার বিষয় ও কার্যসূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি ছুটির দিন বাদে অধিবেশন প্রতিদিন বেলা ৩টায় শুরু হবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা রাখবেন।
সংসদ সচিবালয় জানায়, প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়াও বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদ, এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ বিভিন্ন মন্ত্রী ও বিরোধী দলের নেতা-সদস্যরা।