ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানিয়েছেন, এবারের ঈদে বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে এবং যেকোনো অবৈধ লক্কর-ঝক্কর যাতে রাস্তায় না নামে, তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট চলবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াত এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ট্রাক ও লরির চলাচল সীমিত করা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।
ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান জানান, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। অন্যদিকে, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকরা একসাথে সমন্বিতভাবে কাজ করছে।