মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
শুক্রবার (১৩ মার্চ) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার জন্য এই সময়ের মধ্যে অভ্যন্তরীণ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া ২৬ মার্চ ভোরে রাষ্ট্রীয় কর্মসূচি শেষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে।