দুদিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। নতুন সরকার গঠনের পর এটি বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সান ওয়েইডং-এর সফর নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সান ওয়েইডং ঢাকায় বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রীর আশা, এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থে নতুন সহযোগিতার উপায় খুঁজে পাওয়া যাবে। সফরের সময় সান ওয়েইডং সরকারী উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।