রাজধানী ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।