ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাঁকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে এবং সেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও অধিবেশনকে অবহিত করা হয়।
পরে সভাপতির আহ্বানে সংসদ সদস্য নুরুল ইসলাম তাঁর নাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম প্রস্তাবটি সমর্থন করেন। কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। এ পদেও একটিমাত্র মনোনয়ন জমা পড়েছিল। সংসদে প্রস্তাব উত্থাপনের পর কণ্ঠভোটে তা অনুমোদন পায় এবং তিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।