ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টার কিছু সময় পর স্পিকারের আসন শূন্য রেখে অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। এরপর সংসদ নেতা সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন এবং আরেকজন সদস্য সেই প্রস্তাব সমর্থন করবেন। প্রস্তাব গৃহীত হলে মনোনীত ওই জ্যেষ্ঠ সদস্য সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করবেন।
সংবিধানের বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এটিই হবে তাঁর প্রথম ভাষণ। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর সংসদে উপস্থাপন করা হবে এবং পরে সংসদ সদস্যরা এ নিয়ে আলোচনা করবেন। সংসদীয় রীতিনীতি অনুযায়ী প্রতি বছরের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। একই সঙ্গে এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের এই প্রথম অধিবেশন আহ্বান করেন।
আজকের অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে।