সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, রায় জালিয়াতি ও দুর্নীতি দমন কমিশনের পৃথক মামলাসহ মোট পাঁচটি মামলায় তার জামিন বিষয়ে হাইকোর্ট গত বছরের ২৬ অক্টোবর রুল জারি করেন। রুলে কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে দুদক ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। পাঁচটির মধ্যে দুদকের করা মামলাটি ছাড়া বাকি চারটির জামিন আদেশ আজ কার্যকর করা হলো।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন, যা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে।
২০২৫ সালের ২৪ জুলাই, প্রায় এক বছর পরে জুলাই গণঅভ্যুত্থান ও সরকারের পরিবর্তনের পর, রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল হককে পুলিশ গ্রেপ্তার করেছিল।