ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এদিন বেলা ১১টার দিকে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদের কার্যক্রম শুরুর আগে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এই সভা আহ্বান করা হয়েছে।
বৈঠকে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। একই সঙ্গে প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কে থাকবেন—এসব বিষয় নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন সংসদ নেতা। এসব পদে দলীয় সিদ্ধান্তও বৈঠক থেকে আসতে পারে বলে জানা গেছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।
জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে দলটির আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।