শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১১ মার্চের ঐতিহাসিক ধর্মঘট

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

বাঙালি জাতির ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাসে ১১ মার্চ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৪৮ সালের এই দিনে রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বাঙালির প্রথম সুসংগঠিত রাজপথের আন্দোলন গড়ে ওঠে।

পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগ নিলে পূর্ব বাংলার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানায়। একই বছরের ফেব্রুয়ারিতে করাচিতে অনুষ্ঠিত গণপরিষদ অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুললেও তা প্রত্যাখ্যান করা হয়। এর প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং ২ মার্চ ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয়।

এর ধারাবাহিকতায় সংগ্রাম পরিষদ ১১ মার্চ সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ওই দিন ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। সচিবালয়, রেলস্টেশন ও ডাকঘরের সামনে পিকেটিং করা হয় এবং পুরো ঢাকার রাজপথ ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আন্দোলন দমনে পুলিশ লাঠিচার্জ চালালে বহু ছাত্র আহত হন। একই সঙ্গে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালিয়ে তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব ও শওকত আলীসহ অনেককে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে পূর্ব বাংলাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকে।

ক্রমবর্ধমান আন্দোলনের মুখে তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ছাত্রনেতাদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। এতে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং বাংলা ভাষার মর্যাদা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইতিহাসবিদদের মতে, ১১ মার্চের এই আন্দোলনই পরবর্তী সময়ে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ভিত্তি তৈরি করে এবং বাঙালির স্বাধিকার সংগ্রামের পথকে আরও সুদৃঢ় করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com