মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২ দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১টিতে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। ফলে এসব রুটে চলাচলকারী বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স ঢাকার ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়। আর ১১ মার্চ দুপুর পর্যন্ত বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।
আজ দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারের দুটি করে ফ্লাইট রয়েছে। এছাড়া এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ এবং ফ্লাই দুবাইয়ের চারটি করে ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।।