স্বল্প আয়ের পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে, কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।
সরকারি সূত্রে জানা গেছে, কর্মসূচিটির প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে মাসিক ভাতা দেওয়া হবে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের মোট ১৫টি ওয়ার্ডে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে যাচাই-বাছাই করে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে নিশ্চিত করা হয়। তবে একই ব্যক্তি একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি বা পেনশন সুবিধা পাওয়ার মতো বিভিন্ন কারণে শেষ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। কার্ডগুলোতে থাকবে স্পর্শবিহীন চিপ প্রযুক্তি, কিউআর কোড এবং এনএফসি সুবিধা। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা যাবে। তবে সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্বাচিত পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। সুবিধাভোগী নারী চাইলে এই অর্থ মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। তথ্য সংগ্রহের সময়ই সুবিধাভোগীদের এসব আর্থিক হিসাবের তথ্য সংগ্রহ করা হয়েছে