বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনা জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে এবং প্রয়োজন অনুযায়ী সীমিতসংখ্যক বাতি ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া, অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিস শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলা এবং সরকারি কাজে গাড়ির ব্যবহারও সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।