দেশে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে। প্রাথমিকভাবে রাজধানীর কড়াইল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনের সময় নারীদের হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কার্যক্রমটির সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সুবিধাভোগী পরিবারগুলোর মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তার অর্থও পৌঁছে যাবে।
এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রীও দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থাকবেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে এ কর্মসূচিতে অংশ নেবেন।
পরীক্ষামূলকভাবে যেসব এলাকায় এই কার্ড বিতরণ করা হবে, সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেলের শাহ আলী এলাকার ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি। এছাড়া ঢাকার বাইরে রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জেও এই কর্মসূচি চালু করা হবে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।
এ কর্মসূচির বাস্তবায়ন তদারকির জন্য গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রকল্পটির সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ ও বাস্তবায়নে ভূমিকা রাখবে।