লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী বুধবার (১১ মার্চ) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এরপর বৃহস্পতিবার (১২ মার্চ) ও শুক্রবার (১৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৯ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১০ মার্চ) দিনের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার (১১ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আর শুক্রবার (১৩ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ সময়ের মধ্যে আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।