সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত মন্তব্য করে সবাইকে চমকে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার (৮ মার্চ) সকালে বাসভবনের দরজা খুলে স্বাভাবিক হাসিমুখে উপস্থিত কর্মকর্তাদের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চলেন, যুদ্ধে যাই।” হঠাৎ এমন মন্তব্যে সেখানে উপস্থিত ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা কিছুটা বিস্মিত হয়ে পড়েন।
রুমন আরও জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা আগে থেকেই প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন।
পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান। দিনভর প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে বলে জানা গেছে।
আজকের সূচিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর এই তিন শব্দের মন্তব্য আসলে প্রতীকী অর্থ বহন করে। তিনি দেশ পরিচালনার দায়িত্ব ও উন্নয়নের চ্যালেঞ্জকে প্রতিদিনের এক ধরনের ‘যুদ্ধ’ হিসেবেই দেখেন। তার সংক্ষিপ্ত মন্তব্যে সেই দায়িত্ববোধ ও সংগ্রামের বার্তাই ফুটে উঠেছে।







Leave a Reply