আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে।
এ বছর ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে সম্মাননা পেয়েছেন নুরুন নাহার আক্তার। ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মোছা. ববিতা খাতুন। ‘সফল জননী নারী’ বিভাগে পুরস্কৃত হয়েছেন নুরবানু কবীর।
এছাড়া ‘নির্যাতনের দুঃসহ অভিজ্ঞতা পেছনে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী’ বিভাগে পুরস্কৃত হয়েছেন মোছা. আফরোজা ইয়াসমিন।
নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, সাহস ও অদম্য মানসিক শক্তির স্বীকৃতি হিসেবেই তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এই উদ্যোগ দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করছে। একই সঙ্গে এমন স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব এবং সফলতার গল্পকে সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।







Leave a Reply