বিএনপি সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে এবং বিশ্বের যে দেশগুলো শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে, সেসব দেশের প্রথা সংসদেও বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কর্মশালার দ্বিতীয় দিনে কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দ্য হাউস—এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সঙ্গেই বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশগুলোর সংসদীয় চর্চার ওপরও আলোচনা করেছি।
সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে দলের সংসদ সদস্যরা সংসদীয় চর্চায় আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবেন। আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখলে জাতি আশ্বস্ত হবে যে, এ রকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন।
অতীতে সংসদে যে অপসংস্কৃতির চর্চা হয়েছে এবং যা মানুষের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে, তা দূর করার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব।
তিনি আরও বলেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং ভালো শিখবেন। একটা বাচ্চা যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি, যোগ করেন বিএনপির এই নীতিনির্ধারক নেতা।