নারী দিবসে অদম্য নারীর সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

Posted by

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কর্মসূচির আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এতে তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

আগামীকাল রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি বছরের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে। এ বছর অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের ভয়াবহতা কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী হওয়ায় মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে এই সম্মাননা দেওয়া হবে।

নারীর সংগ্রাম, সাফল্য ও অবদানকে স্বীকৃতি জানাতেই প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *