সচিবালয়ে নিজের কক্ষে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অর্ধেক লাইট এবং এসির তাপমাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি দেশের সব মন্ত্রণালয়, সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান ও শপিংমলকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিজের দপ্তরে ৫০ শতাংশ লাইট বন্ধ করে দিয়েছেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে সেট করেছেন।
প্রধানমন্ত্রী নিজ উদ্যোগের সঙ্গে সঙ্গে তার দপ্তরের সব কক্ষে অর্ধেক লাইট বন্ধ ও এসির তাপমাত্রা কমানো হয়েছে। তিনি লাইট কম ব্যবহার করে দিনের বেলা জানালা থেকে প্রাকৃতিক আলো গ্রহণ করার পরামর্শও দিয়েছেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। এখানে মন্ত্রি পরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ কাজ করে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করেছে।