বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনলাইনের মাধ্যমে এ দিবসের উদ্বোধন করবেন। এ তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি বিস্তারিত জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পাট দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও পাটজাত পণ্যের মেলা আয়োজন করা হয়েছে। মেলায় পাট ও পাটপণ্য ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, দেশের বন্ধ থাকা ৭টি সরকারি পাটকল পুনরায় চালু করা হবে এবং বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরে কাজ শুরু করবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে আধুনিক, গণতান্ত্রিক ও উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এর অংশ হিসেবে বেকারত্ব কমানো এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে পরিচালনার কার্যক্রম চলমান। ইতিমধ্যে ইজারা দেওয়া ৯টি পাটকলের মাধ্যমে ৭,২০০ জন কর্মসংস্থান পেয়েছেন, যা দেশের উৎপাদন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।