পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও সরকারি ছুটি থাকবে। ফলে শবে কদরের ছুটিসহ এবার ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।
এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।
অন্যদিকে, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে আগে থেকেই সরকারি ছুটি রয়েছে। এখন এর সঙ্গে ১৮ মার্চ নতুন করে ছুটি যোগ হওয়ায় ঈদকে ঘিরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি মিলছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে বলে জানা গেছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।