মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক সূত্র জানায়, বৃহস্পতিবার যেসব ফ্লাইট বাতিল হয়েছে তার মধ্যে কাতারের চারটি, কুয়েতের চারটি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) দশটি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি ফ্লাইট রয়েছে।
কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়েছে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটে।
বেবিচক সূত্রে আরও জানা যায়, আকাশসীমা বন্ধ থাকার কারণে গত কয়েক দিন ধরেই ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।