রাজধানীতে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দেশের জন্য প্রকাশিত সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।