দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি রাজধানীর প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্টস অর্ডার নং ১২৭ অব ১৯৭২)-এর ১০(৫) ধারা অনুযায়ী মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছিন্ন করতে হবে বলে শর্ত আরোপ করা হয়েছে।
নতুন গভর্নর বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্পোরেট ফাইন্যান্স, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনে তার দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিজিএমইএ’র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিয়োগের মাধ্যমে দেশের আর্থিক খাতে নীতিনির্ধারণ ও তদারকিতে তার নেতৃত্বে নতুন দিকনির্দেশনা আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।