প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম তদারকির জন্য গঠিত বিশেষ সেলের সভাপতি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ সদস্যবিশিষ্ট এ সেলে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সেলের সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি সারাদেশে নদী-খাল ও জলাশয় খনন কার্যক্রমের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করবে।
খনন কার্যক্রমে উদ্ভূত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণের কথাও উল্লেখ রয়েছে।
এছাড়া, প্রয়োজনবোধে সেলের সদস্যরা আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক ও সচিবালয় সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রদান করা হবে।