বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন গভর্নরের দায়িত্বে ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ হিসেবে থাকছে।
১৯৬৬ সালের ১২ মে জন্ম নেওয়া মোস্তাকুর রহমান হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে (আইসিএমএবি) কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে ফেলো সদস্য হন। বর্তমানে তিনি হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোস্তাকুর রহমান কর্পোরেট অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক, মূলধন কাঠামো ব্যবস্থাপনা, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা এক্সপোজার নিয়ন্ত্রণে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
নতুন গভর্নরের বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থাপনার শাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন, রপ্তানি অর্থনীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, কর্পোরেট ও নিয়ন্ত্রক সম্মতি এবং ঝুঁকি তদারকি। সংশ্লিষ্টরা আশাবাদী, তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের প্রতি অঙ্গীকার ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রমে নতুন গতি আনবে।
মোস্তাকুর রহমান বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমেও সক্রিয়। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অবদান রেখেছেন।
বিশ্লেষকদের মতে, দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায়—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিজার্ভ শক্তিশালীকরণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা—তার শিল্প ও আর্থিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন গভর্নরের নেতৃত্বে নীতি সংলাপ, শিল্প অর্থায়ন এবং আর্থিক খাতের কাঠামোগত সংস্কারে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেছেন অনেকে।