প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীরও আগ্রহ প্রকাশের খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সচিবালয়ে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্রটি প্রধানমন্ত্রীকে তুলে দেন।
দাওয়াত প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মাহে রমজান উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইফতার অনুষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিক দাওয়াত জানাতে এসেছি। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং উপস্থিত থাকার বিষয়েও আশ্বস্ত করেছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীকে সপরিবারে—তার স্ত্রী ও কন্যাসহ—ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি দুইজনকেই দাওয়াতপত্র দেওয়া হয়েছে এবং তা তিনি গ্রহণ করেছেন।