প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছে দেওয়ার জন্য বিনা খরচে উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনের প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, এর আগে আমাদের কাছে তিনটি গাড়ি ছিল। আজ আরও দুটি যুক্ত হওয়ায় প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানো মাত্রই প্রত্যেক পরিবারকে ৩০–৩৫ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়। পাশাপাশি, যারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র মাধ্যমে প্রবাসে যান, তাদের জন্য ১৩ লাখ টাকা অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে।