আগামী ১০ মার্চ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং জানায়, প্রথম ধাপে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে কর্মসূচিটি সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
‘ফ্যামিলি কার্ড’ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। আসন্ন ঈদের আগেই হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের হাতে কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার নেতৃত্বে কমিটিতে মোট ১৪ জন সদস্য রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব এবং সমাজকল্যাণ সচিবও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।