সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলাম-কে নিয়োগ দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাইব্যুনালের মামলাগুলো পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।
তাজুল ইসলাম ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত ছিলেন। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি গত দেড় বছর দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের আগে তার অধীনে ২০২৩ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছিল, যেগুলোর বিচার বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলছে। ইতিমধ্যেই তিনটির রায় ঘোষণা হয়েছে।
ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ ব্যক্তির মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এখনও রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
এছাড়া, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের মামলার বিচারও ট্রাইব্যুনালে চলছে। বিচারের মুখোমুখি হয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ ছাড়া সরকারের হেভিওয়েট বহু এমপি ও মন্ত্রীরও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হিসেবে বিচার চলছে।