প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন-এর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন অগ্রযাত্রায় বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।
এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়াও ওয়েন একই বার্তা দেন। তিনি বলেন, চীন সবসময় পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়।
তিস্তা প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করলেও নতুন সরকারের অবস্থান নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলার প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, চীন এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করছে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে সমর্থন করে না।
বৈঠকে বাংলাদেশ-চীন সহযোগিতার সামগ্রিক বিষয় ছাড়াও রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় হয়। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে একটি স্থিতিশীল ও কার্যকর প্রশাসন পরিচালনায় কাজ করতে আগ্রহী বলেও জানায় চীন।