প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন হজ্জ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে, একই দিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে উপস্থিত হন। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর দিনের কার্যক্রম শুরু হয়।