আগামী ২৬ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান অনুষ্ঠান ও অমর একুশে বইমেলার উদ্বোধন। সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে জাতির কৃতী সন্তানদের সম্মান জানাতে এ আয়োজন সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, একই দিনে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এবারের বইমেলাকে ঘিরে প্রকাশকদের জন্য এসেছে বিশেষ প্রণোদনা। অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এতে প্রকাশনা খাত আরও উৎসাহিত হবে এবং পাঠকদের জন্য বইমেলা হবে আরও প্রাণবন্ত।
প্রতি বছরের মতো এবারও বইমেলায় দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলোর পাশাপাশি নতুন প্রকাশকরাও অংশ নিচ্ছেন। সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠবে উৎসবমুখর—এমন প্রত্যাশা আয়োজকদের।