দেশের চার বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। অন্যত্র আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন নাও হতে পারে।
এছাড়া পরবর্তী পাঁচ দিনের সামগ্রিক চিত্রে রাতের তাপমাত্রা কমার প্রবণতা দেখা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।