তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Posted by

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের সার্বিক নিরাপত্তা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিন টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং সেখানে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। নতুন সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে নির্ধারিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তারেক রহমান।

উল্লেখ্য, গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *