প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে আগেই প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষ প্রধানমন্ত্রীর অফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষটি সভা আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় আসবাবপত্র, আধুনিক যোগাযোগব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপন সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।