ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৩৬ জন সংসদ সদস্যের (৭৯.৪৬%) কোটিপতি, এবং ১৩ জন শতকোটিপতি হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এবারের নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। তবে টিআইবির পর্যবেক্ষণে দেখা গেছে, ৪০ শতাংশ কেন্দ্রে একাধিক ধরনের অনিয়ম ঘটেছে।
প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ে টিআইবি জানিয়েছে, সর্বোচ্চ গড় ব্যয়সীমা ছিল ৪৪ লাখ ২৪ হাজার টাকা। অথচ প্রার্থীরা গড়ভাবে খরচ করেছেন ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা, যা গড় ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি।
গবেষণায় আরও প্রকাশিত হয়েছে, প্রায় ৯৯ শতাংশ প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এছাড়া ৪৬.৪ শতাংশ ভোটারকে হুমকি দিয়ে কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগের অনেক কর্মী ও সমর্থক নির্বাচনে শতভাগ বয়কট করেনি, কিছু অংশ সক্রিয় ছিল। একই সঙ্গে বিএনপির সমর্থকও বিভিন্নভাবে ভোটে অংশ নিয়েছে।